নারায়ণগঞ্জে বিএনপির আরও ৬ নেতা গ্রেপ্তার
পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আরও ছয় নেতাকে গ্রেপ্তার করার অভিযোগ তুলেছে দলটি।
বুধবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
তিনি বলেন, পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যায় বিএনপির সাত নেতা আটক করে পুলিশ। পরে তাদের সবাইকে জেলার বিভিন্ন থানায় করা পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, “গতরাতে পুলিশি অভিযানে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার ও সোনারগাঁ এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
তিনি আরও বলেন, “শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে এ ধরপাকড় চালাচ্ছে পুলিশ। অধিকাংশ বিএনপি নেতা পুলিশের করা গায়েবি মামলায় গ্রেপ্তার এড়াতে এখন ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।”
বিরোধীমত দমনে সরকার পুলিশকে ব্যবহার করছে বলেও জানান বিএনপির এই নেতা।
আরও পড়ুন:
