১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৩১ নেতার পদত্যাগ

সাত মাস আগে বিবাহিত এক নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ওই নেতাকে অব্যাহতি দেয় বিএনপি।

লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৩১ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি থেকে পদত্যাগপত্র জমা দেওয়া নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:17 PM

Updated : 16 Nov 2026, 05:17 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে দলটির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির ৩১ নেতা সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ চাওয়া নেতারা চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছে। এর মধ্যে নির্বাচিত সভাপতিও আছেন।

কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেয়। তবে পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর করলেও জমা দিয়েছেন ১০ জন।

পদত্যাগ চাওয়া নেতারা হলেন- ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুব বিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্র বিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রম বিষয়ক নুর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহ-সম্পাদক মো. হেলাল, সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো, ইব্রাহিম ও তছলিম মিঝি।

জাকির হোসেন সুমন বলেন, “জাবেদ বিভিন্ন নারীদের কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। নারী কেলেঙ্কারির ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়। তার কারণে দলের বদনাম হয়েছে। তার অব্যাহতি প্রত্যাহার করায় দলের বদনাম হচ্ছে। এজন্য আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।”

লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, “আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাদের পদত্যাগপত্রটি এমনিতে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানানো হবে।”

বিবাহিত এক নারীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে ১৩ এপ্রিল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার ছয় মাস ১৮ দিন পর ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন সদর (পশ্চিম) উপজেলা কমিটি।