২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মহাসমাবেশের আগে নারায়ণগঞ্জ-সাভারে ধরপাকড়, আতঙ্ক

বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার মহাসমাবেশে যেন নেতা-কর্মীরা অংশ নিতে না পারে সেজন্য মঙ্গলবার রাতভর বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়।

বিএনপির মহাসমাবেশের আগে নারায়ণগঞ্জ-সাভারে ধরপাকড়, আতঙ্ক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 06:54 PM

Updated : 26 Jul 2023, 06:54 PM

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি; এর ঠিক আগের দিন রাজধানীসংলগ্ন সাভার ও নারায়ণগঞ্জে পুলিশি ধরপাকড়ের অভিযোগ তুলেছেন দলটির নেতারা।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নাশকতার অভিযোগে পুরোনো মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির ২৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোলায়মান হোসেন, আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান মিয়া, সদস্য মো. বাবুল এবং রূপগঞ্জ উপজেলার তারাব পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম।

বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার মহাসমাবেশে যেন নেতা-কর্মীরা অংশ নিতে না পারে সেজন্য মঙ্গলবার রাতভর বিএনপি নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ছয়জনকে।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান বলেন, “গত মধ্যরাতে নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে ডিবি ও থানা পুলিশ। ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশে যাতে নেতা-কর্মীরা অংশ নিতে না পারে সেই কারণে তাদের পুরোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।”

এ ঘটনার নিন্দাও জানান তিনি।

এছাড়া সাভারেও পুলিশি ধরপাকড়ের অভিযোগ করেছে বিএনপি।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের দাবি, বুধবার দুপুরে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমানকে থানায় আটক করে নিয়ে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে সাভারের নিজের বাসার সামনে টিসিবির পণ্য বিতরণ করছিলেন তিনি। এসময় হঠাৎ তাকে তুলে নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ।

কাউন্সিলর আব্দুর রহমানকে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এই নেতার এক স্বজন জানিয়েছেন, আগের সব মামলাতেই আব্দুর রহমান জামিনে আছেন। তার পরেও কেন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে সেটিই বুঝতে পারছেন না তারা।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, “আমি বাইরে আছি। কোনো অভিযান অথবা কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানি না।”

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, “বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরেই পুলিশের এই ধরপাকড়। তবে সাভার বিএনপির ৯০ভাগ নেতাকর্মী আগেই ঢাকায় প্রবেশ করেছেন। যারা এখনও আছেন তারা সবাই গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন।”

আরও পড়ুন:

পুরনো খবর:

বিএনপিকে গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ ডিএমপির
বিএনপির ‘এক দফা’: ঢাকায় মহাসমাবেশ বৃহস্পতিবার
বিএনপির সমাবেশের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সংগঠন