২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে শিক্ষকের ব্যাগ থেকে আরেকটি পিস্তল-গুলি-ছুরি জব্দ, ২ মামলা 

অবিলম্বে প্রভাষক রায়হান শরীফের অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জে শিক্ষকের ব্যাগ থেকে আরেকটি পিস্তল-গুলি-ছুরি জব্দ, ২ মামলা 

জব্দ করা অস্ত্র-গুলিসহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক রায়হান শরীফ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 03:07 PM

Updated : 05 Mar 2024, 03:29 PM

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক রায়হান শরীফের কাছে থাকা আরেকটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু গুলি-অস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, প্রভাষক রায়হান শরীফকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান যে, তার একটি লেদারের ব্যাগের মধ্যে আরও আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।

পরে তার দেওয়া তথ্য মতে ব্যাগটি থেকে একটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা), ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু ও দুটি ব্রাশ নাকেল উদ্ধার করা হয়।

সোমবার বিকালে মেডিকেল কলেজে মৌখিক পরীক্ষা চলাকালে প্রভাষক রায়হান শরীফের পিস্তলের গুলিতে এক শিক্ষার্থী আহত হন। তার পায়ে গুলি লাগে। তারপরই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস।

খবর পেয়ে পুলিশ শিক্ষক রায়হান শরীফকে হেফাজতে নেয়; তার পিস্তলটিও জব্দ করা হয়েছে।

কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক রায়হান শরীফ সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা।

এর আগে সোমবার বিকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে মৌখিক পরীক্ষা চলাকালে গুলি করেন কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক রায়হান শরীফ।

গুলির ঘটনার পর শিক্ষার্থীরা শিক্ষককে আটকে রেখে কলেজ অভ্যন্তরে বিক্ষোভ করায় উত্তপ্ত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষক রায়হান শরীফকে হেফাজতে নেয় এবং তার পিস্তলটি জব্দ করেন।

সন্ধ্যার পর আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের (২২) পায়ে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে বলে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তমাল মেডিক্যালের এমবিবিএস অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষকের বিরুদ্ধে ২ মামলা

এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষকের পিস্তলের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা বগুড়ার ধুনট উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে প্রথম মামলাটি দায়ের করেছেন।

মামলায় প্রভাষক রায়হান শরীফকে আসামি করা হয়েছে। তমালের চার সহপাঠীকে সাক্ষী করা হয়েছে।

অপরদিকে, সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, মেডিকেল কলেজের ক্লাস রুমে শিক্ষার্থীকে গুলির করা শিক্ষকের ব্যবহৃত পিস্তলটির কোনো নিবন্ধন নেই।

অবৈধ পিস্তল ব্যবহারের অভিযোগে ডিবির এসআই ওয়াদুদ আলী বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ক্লাস রুমে শিক্ষার্থীকে গুলি, অবৈধ পিস্তলের ব্যবহার এবং প্রভাষক রায়হান শরীফের বিরুদ্ধে উঠা শিক্ষার্থীদের যৌন নির্যাতন ও কলেজ অভ্যন্তরে নেশা সংক্রান্ত সকল বিষয়ই তদন্ত করা হবে। ইতোমধ্যে এ ঘটনায় দায়ের হওয়া দুইটি মামলাই ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ

অবিলম্বে প্রভাষক রায়হান শরীফের অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক রাহাত রহমান।

তিনি জানান, শিক্ষকের নামে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তিনি এখনও চাকরিতে বহাল আছেন। তাই অবিলম্বে তার চাকরিচ্যুতি ও অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

পরে বেলা ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরেন।

তদন্ত কমিটির কার্যক্রম শুরু

গুলি করে শিক্ষার্থীকে আহত করার ঘটনায় স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেন বলে কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জানান।

তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।

এছাড়া বেলা ১২টার পর সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

পুরানো সংবাদ

সিরাজগঞ্জ মেডিকেলের শিক্ষক রায়হানের পিস্তলটি অবৈধ: পুলিশ

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষকের গুলিতে ছাত্র আহতের ঘটনায় তদন্ত কমিটি

‘উগ্র মেজাজি’ রায়হান শরীফের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের যত অভিযোগ

সিরাজগঞ্জে মেডিকেল কলেজে শিক্ষকের পিস্তলের গুলিতে শিক্ষার্থী আহত