২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ২ শ্রমিকের মৃত্যু: জেলা পরিষদ চেয়ারম্যানসহ চারজনের জামিন

প্রধান আসামি ঠিকাদার ইঞ্জিনিয়ার প্রণত মিত্র চৌধুরী আদালতে হাজির না থাকায় তার জামিন হয়নি।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 09:00 PM

Updated : 13 Dec 2022, 09:00 PM

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন গাড়ি বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহতের মামলার পাঁচ আসামির মধ্যে চারজনকে জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালের পর আসামিরা আদালতে হাজির হলে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. ফরিদুল আলম পাঁচ হাজার টাকা জামানতে তাদের জামিন দেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- নির্মাণ কাজের উপ-ঠিকাদার চট্টগ্রামের নোয়াপাড়ার বাসিন্দা মো. সেলিম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় মামলার প্রধান আসামি নির্মাণ কাজের ঠিকাদার ইঞ্জিনিয়ার প্রণত মিত্র চৌধুরী আদালতে হাজির না থাকায় তার জামিন মঞ্জুর করা হয়নি বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।

তিনি আরও বলেন, “আসামিরা বাদীর সঙ্গে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার শর্তে আপোষ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।”

গত ৮ অক্টোবর বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের পুরাতন ভবনের সামনে নির্মিত গাড়ি বারান্দার ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে দুই শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়। 

নিহত শ্রমিকেরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২২) ও সাইফুল ইসলাম (২২)।

আহতরা হলেন- মো. রোকন (৩৮), জালাল খান (২৫), হানিফ মিয়া (২৫), মো. সোহেল (২০), মো. হাসান (২৪) ও হানিফ (২০)।

এ ঘটনায় জেলা পরিষদের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দুই মাসেও তা জমা পড়েনি।

গত ৬ ডিসেম্বর ঘটনার দুই মাস পর শ্রমিকদের মাঝি জালাল খান আদালতে পাঁচজনকে আসামি করে মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সদর থানার ওসিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

খাগড়াছড়িতে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু: দুই মাস পর মামলা
খাগড়াছড়িতে জেলা পরিষদের গাড়ি বারান্দার ছাদ ধসে ২ শ্রমিক নিহত
খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধস তদন্তে কমিটি
খাগড়াছড়িতে ২ শ্রমিকের মৃত্যু: ‘বাঁশের খুঁটি ব্যবহার করায় ছাদ ধসে পড়ে’