খাগড়াছড়িতে জেলা পরিষদের গাড়ি বারান্দার ছাদ ধসে ২ শ্রমিক নিহত
এতে আহত হয়েছেন আরও চার শ্রমিক।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের গাড়ি বারান্দার ছাদ ভেঙে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চার জন।
শনিবার বিকাল পৌনে ৪টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন ব্যাবস্থাপক রাজেশ বড়ুয়া জানান।
নিহত শ্রমিরা হলেন- খাগড়াছড়ির কলেজ গেইট এলাকার সাজ্জাদ হোসেন (১৬) এবং খুলনার সাইফুল ইসলাম।
মো. জালাল নামে এক শ্রমিক সাংবাদিকদের বলেন, তারা ২২ জন শ্রমিক মিলে গাড়ি বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এমন সময় হঠাৎ করেই তা ধসে পড়ে।
এ সময় পাঁচ শ্রমিককে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজেশ বড়ুয়া।
ছাদ ঢালাইয়ের সময় উপ-ঠিকাদার মো. সেলিম ঘটনাস্থলেই ছিলেন। কিন্তু ছাদ ধসে পড়ার পর তিনি পালিয়ে যান বলে জানান শ্রমিকরা।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসু প্রু চৌধুরী বলেন, “নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
