খাগড়াছড়িতে ২ শ্রমিকের মৃত্যু: ‘বাঁশের খুঁটি ব্যবহার করায় ছাদ ধসে পড়ে’
এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভবনের গাড়ি বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে কীভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মো. আমিনুল ইসলাম বলেন, “আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের কাছে মনে হয়েছে সাটারিংয়ে ঢালাইয়ের সময় বাঁশের খুঁটি ব্যবহার করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।“
“বাঁশের পুরুত্ব যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। যে কেউ দেখলে তারও প্রাথমিকভাবে এটাই মনে হবে।“
শনিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভবনের গাড়ি বারান্দার ছাদ ধসে ২ শ্রমিক মারা যান। এ সময় আহত হন আরও চারজন। নিহত শ্রমিকরা হলেন- খাগড়াছড়ির কলেজ গেইট এলাকার সাজ্জাদ হোসেন (১৬) এবং খুলনার সাইফুল ইসলাম।
তখন মো. জালাল নামে এক শ্রমিক সাংবাদিকদের জানিয়েছিলেন, তারা ২২ জন শ্রমিক মিলে গাড়ি বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এমন সময় হঠাৎ করেই তা ধসে পড়ে।
ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়।
বিকালে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
তখন কমিটির প্রধান আরও বলেন, “আজকে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল দেখলাম। কিছু কিছু বিষয় আমরা আমলে নিয়েছি। এরপরও আমরা বিশেষজ্ঞ মতামতও নিব। ঘটনার কারণ কী তা আমরা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেব। এই ঘটনায় আইনগত কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও আমরা খতিয়ে দেখব।”
এ সময় তদন্ত কমিটির সদস্য খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
