খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধস তদন্তে কমিটি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের গাড়ি বারান্দার ছাদ ভেঙে দুই নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সাংবাদিকদের জানান, দুর্ঘটনার কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারকে জেলা পরিষদ এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলেও জানান মংসুইপ্রু।
শনিবার বিকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের গাড়ি বারান্দার ছাদ ভেঙে সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই নির্মাণ শ্রমিক নিহত এবং আরও চারজন আহত হন।
মো. জালাল নামে এক শ্রমিক সাংবাদিকদের জানান, তারা ২২ জন শ্রমিক মিলে গাড়ি বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এমন সময় হঠাৎ করেই তা ধসে পড়ে। ছাদ ঢালাইয়ের সময় উপ-ঠিকাদার মো. সেলিম ঘটনাস্থলেই ছিলেন। কিন্তু ছাদ ধসে পড়ার পর তিনি পালিয়ে যান।
ঠিকাদারের বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু তার নাম জানাতে পারেননি।
