২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু: দুই মাস পর মামলা

মামলায় জেলা পরিষদের চেয়ারম্যান, প্রকৌশলী, উপ-ঠিকাদারদের আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 09:29 PM

Updated : 06 Dec 2022, 09:29 PM

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের গাড়ি বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহতের দুই মাস পর মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহত শ্রমিক জালাল খান বাদী হয়ে মুখ্য বিচারিক হাকিম (আমলি) আদালতে মামলার আবেদন করেন। বিচারক মো. ফরিদুল আলম আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. জাহঙ্গীর আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- উপ-ঠিকাদার প্রাণতোষ, উপ-ঠিকাদার মো. সেলিম, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা।

বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম বলেন, “আসামিরা পরষ্পর যোগসাজশে অবহেলা করে হত্যাকাণ্ড সংগঠনসহ নিহত ও আহত শ্রমিকদের অপূরণীয় ক্ষতিসাধন করেছেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারায় অভিযোগটি এজাহার হিসেবে দায়ের করার নির্দেশ দিয়েছেন।”

গত ৮ অক্টোবর বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের পুরাতন ভবনের সামনে নির্মিত গাড়ি বারান্দার ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে দুই শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়। 

নিহত শ্রমিকেরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২২) ও সাইফুল ইসলাম (২২)।

আহতরা হলেন- মো. রোকন (৩৮), জালাল খান (২৫), হানিফ মিয়া (২৫), মো. সোহেল (২০), মো. হাসান (২৪) ও হানিফ (২০)।

এ ঘটনায় জেলা পরিষদের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দুই মাসেও তা জমা পড়েনি।

আরও পড়ুন:

পুরনো খবর:

খাগড়াছড়িতে ২ শ্রমিকের মৃত্যু: ‘বাঁশের খুঁটি ব্যবহার করায় ছাদ ধসে পড়ে’

খাগড়াছড়িতে জেলা পরিষদের গাড়ি বারান্দার ছাদ ধসে ২ শ্রমিক নিহত

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধস তদন্তে কমিটি