খাগড়াছড়িতে পাহাড় কেটে জমি ভরাট, দুজনের বিরুদ্ধে মামলা
২০ থেকে ৩০ ফুট উঁচু একটি পাহাড়ের সামনের অংশ কেটে ফেলার প্রমাণ পাওয়া যায়।
খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকায় পাহাড় কেটে পাশের নিচু জমি ভরাটের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ।
মামলার আসামিরা হলেন- খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের কুমিল্লাটিলা এলাকার মো. রাজ্জাক হোসেন (৩৮) এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচাং বাজার এলাকার শামীম আলম (২৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর বিকালে কুমিল্লাটিলা-দীঘিনালা সংযোগ সড়কের পাশের এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
পরিদর্শনে প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু একটি পাহাড়ের সামনের অংশ কেটে ফেলার প্রমাণ পাওয়া যায়। কাটা পাহাড়ের মাটি দিয়ে পাশের নিচু জমি ভরাট করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় রোববার খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন হাছান আহম্মদ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়।
হাছান আহম্মদ বলেন, পাহাড় কাটা ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজের বিরুদ্ধে তাঁদের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
