খাগড়াছড়িতে তিন হাজার ইয়াবা জব্দ, ২ তরুণ-তরুণী গ্রেপ্তার
গ্রেপ্তাররা চট্টগ্রাম শহর থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তিন হাজার ইয়াবাসহ দুই তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ময়লারটিলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানা ওসি কায় কিসলু।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে মামুন হোসেন (২৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সাদিয়া আক্তার (২০)।
ওসি কায় কিসলু বলেন, আলুটিলাগামী সড়কে ময়লারটিলা জুম আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনার সময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তিন হাজার ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা চট্টগ্রাম শহর থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
আবু বক্করের বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে বলে জানান ওসি।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি কায় কিসলু।
