২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ, প্রত্যাবাসন বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

মিয়ানমারে ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ না করে প্রত্যাবাসনের কাজ করার জন্য জাতিসংঘের আন্তরিক সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গা নেতারা। 

ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ, প্রত্যাবাসন বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে দ্রুত প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 03:18 PM

Updated : 08 Jun 2023, 03:18 PM

মাতৃভূমি মিয়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারের ক্যাম্পে ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। এ সময় তারা প্রত্যাবাসন বিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন।   

উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত ১৩টি শারণার্থী আশ্রয়শিবিরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে রোহিঙ্গারা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। আশপাশের অনেক ক্যাম্প থেকে এসব সমাবেশে যোগ দেন রোহিঙ্গারা।   

প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা ও দুই দেশের প্রতিনিধিদের সফর ও নানাবিধ পদক্ষেপের মধ্যে রোহিঙ্গারা এই সমাবেশ করল। 

সমাবেশে রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন, হত্যা, ধর্ষণের মুখে প্রাণ ভয়ে তারা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন। সেসময় বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। যার জন্য রোহিঙ্গারা এদেশের প্রতি কৃতজ্ঞ। 

ছয় বছর ধরে লাখ লাখ রোহিঙ্গা ক্যাম্পে অমানবিক ও বন্দি জীবন কাটাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, তারা দ্রুতই নিজেদের দেশে ফিরতে চান, নিজের বসতভিটায় যেতে চান। প্রত্যাবাসনের জন্য দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে তা সফল করার আহ্বান জানান নেতারা।   

এ সময় রোহিঙ্গা নেতারা অভিযোগ করে বলেন, দুই দেশের আলোচনার মধ্যে একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে। তারা আরও বলেন, তারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে মরিয়া। নাগরিকত্ব প্রদানের শর্ত মেনে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন জরুরি।  

প্রত্যাবাসনে রাজি হওয়া চারটি পরিবারের ২৩ সদস্যের খাদ্য সহায়তা ইউএনএইচসিআরের পক্ষ থেকে বন্ধ করার সমালোচনা করেন রোহিঙ্গা নেতারা। তারা প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

পুরনো খবর:

মিয়ানমারে প্রত্যাবাসনে রাজি চার রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন ক্যাম্প-১ ইস্ট এবং ওয়েস্ট কমিউনিটি নেতা জুবায়ের, মাস্টার কামাল, মৌলভী নুর হোসেইন, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম; সাত রাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন ক্যাম্প- ৩ ও ৪ এর আবদুল গফুর, রশিদ মিয়া; পোড়া বাজারের মাঠের সমাবেশে বক্তব্য দেন ক্যাম্প ৯, ১০ ও ৮/ইস্টের মান্নান হোসেন, রফিক উল্লাহ। 

লম্বাশিয়া চৌরাস্তার মাথা (ক্যাম্প ১ ইস্ট এবং ওয়েস্ট), ক্যাম্প ৪ এর সাত রাস্তার মাথা (ক্যাম্প-৩, ৪, ৪ এক্সটেনশন), ক্যাম্প-০৫ এর নিচে ঢালে (ক্যাম্প-০৫ এবং ৮ ওয়েস্ট, ক্যাম্প-১৭), ক্যাম্প-৯ এর পোড়া বাজারের মাঠে (ক্যাম্প-৯, ক্যাম্প-১০, ক্যাম্প-৮/ইস্ট), ক্যাম্প-১১ মরাগাছ তলায় (ক্যাম্প-১২ সহ), ক্যাম্প-১৩ এর সিআইসি অফিসের পিছনে ফুটবল খেলার মাঠ, ক্যাম্প-১৯ এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-১৫ এর সিআইসি অফিসের পাশে (ক্যাম্প-১৪, ১৫, ১৬), ক্যাম্প-২০ এর সিআইসি অফিসের সামনে (ক্যাম্প-২০, ২০ এক্সটেনশন), ক্যাম্প-১৮ এর সিআইসি অফিসের সামনের রাস্তায়, ক্যাম্প-২৪ এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-২৬ এর সিআইসি অফিসের সামনে এবং ক্যাম্প-২৭ এর সিআইসি অফিসের সামনে এসব সমাবেশ করে রোহিঙ্গারা। 

বাংলাদেশে ১২ লাখের অধিক রোহিঙ্গা শরণার্থী রয়েছে। তাদের প্রত্যাবাসন আলোচনা দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছর আবার শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত ১৫ মার্চ মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। সে সময় প্রায় ৫০০ রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই শেষে ফিরে যায় দলটি। 

পরে গত ৫ মে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে বাংলাদেশ থেকে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে যায়। ফিরে এসে রোহিঙ্গারা অসন্তোষ প্রকাশ করলেও বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।  

এরই ধারাবাহিকতায় ২৫ মে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে মিয়ানমারের আরেকটি প্রতিনিধিদল টেকনাফে আসে। প্রত্যাবাসনের তালিকা যাচাই-বাছাই করে ওইদিন বিকালেই তারা মিয়ানমারে ফিরে যান। 

পরে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা রাখাইনে কোনো ক্যাম্পে নয় নিজেদের ভিটেমাটিতেই ফেরত যেতে চান, মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে এমন দাবি উত্থাপন করেছেন তারা।  

আরও পড়ুন:

পুরনো খবর:

ক্যাম্পে নয় নিজের ভিটায় ফিরতে চায় রোহিঙ্গারা, জানাল মিয়ানমারকে
প্রত্যাবাসন: রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে টেকনাফে মিয়ানমারের দল
টেকনাফে রোহিঙ্গা প্রত্যাবাসন ক্যাম্প পরিদর্শনে চীনের রাষ্ট্রদূত
প্রত্যাবাসন: এবার ‘পরিবেশ’ দেখতে মিয়ানমার যাচ্ছেন রোহিঙ্গারা
৫০০ রোহিঙ্গার তথ্য যাচাই, ফিরে গেল মিয়ানমারের প্রতিনিধিদল
প্রত্যাবাসন: মিয়ানমারের প্রতিনিধিদল শুনছেন রোহিঙ্গাদের কথা
রোহিঙ্গা সঙ্কটের ৫ বছর: আটকে প্রত্যাবাসন, চিন্তা বাড়াচ্ছে জন্মহার
মিয়ানমারে গণতন্ত্র ফিরলে 'টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন': জাপানি প্রতিমন্ত্রী
বছরের শেষ নাগাদ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশায় পররাষ্ট্র সচিব
মিয়ানমারে পরিবর্তন কি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাঁটা হবে?
রোহিঙ্গা প্রত্যাবাসন: এক বছর পর বৈঠক হল মিয়ানমারের সঙ্গে