১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগের নাশকতার’ প্রতিবাদে রাবিতে শিক্ষকদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্যারিস রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 04:28 PM

Updated : 15 Nov 2026, 04:30 PM

কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষকরা।

রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্যারিস রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্ট শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই বিভীষিকাময় পরিবেশ যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন ঘটতে হবে। যেকোনো ধরনের নাশকতা, বিশেষ করে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, সড়কে ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং সংগ্রামী জনতার ওপর জুলুম-নির্যাতন প্রতিহত করতে দেশবাসীকে সচেতন ও সজাগ থাকতে হবে।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম বলেন, “পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে এ দেশে আর কখনো পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম টুকটুকি বলেন, “১৭ বছর ধরে শেখ হাসিনা ব্যাপক দমন-পীড়ন চালিয়েছেন। সে সময় কাউকে ঘরেও নিরাপদে অবস্থান করতে দেওয়া হয়নি; আমাদের নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা ও মাঠ-ময়দানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আমাদের ওপর এত অত্যাচার চালানোর পরও এখন শোনা যাচ্ছে তিনি (শেখ হাসিনা) নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন। আমরা এটি কখনোই হতে দেব না।”