২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব নূরের ওপর হামলা: নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ

হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে কর্মসূচি থেকে। 

রাজীব নূরের ওপর হামলা: নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ

সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে মাবনবন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2022, 12:32 AM

Updated : 18 Sep 2022, 01:20 PM

হবিগঞ্জে রাজীব নূরসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে ও শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করা হয়।

সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, বাসদের সোনারগাঁও উপজেলা শাখার সমন্বয়ক বেলায়েত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুস সালাম বাবুল ও উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ।

এ সময় বক্তারা বলেন, সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের হামলায় রাজীব নূরসহ চার সাংবাদিক আহত হন।

অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারসহ রামনাথ বিশ্বাসের বাড়িটি উদ্ধার করে জাদুঘর হিসেবে সংরক্ষণেরও দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এদিকে, একই ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুব মৈত্রী। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে সমাবেশ করে। 

ব্রাহ্মণবাড়িয়া যুব মৈত্রীর আহ্বায়ক মো. নাসির মিয়ার পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কাজী মাসুদ আহমেদ, জেলা অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য ওয়াহেদ শামীম, জেলা ছাত্রমৈত্রীর আহ্বায়ক ফাহিম মুনতাসির, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন, সাংবাদিক ফরহাদুল ইসলাম ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রাজীব নূর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকারের কথা তুলে ধরেন। সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দুই নম্বর ইউনিয়নে। অনেক দিন ধরে বাড়িটি দখল করে রেখেছেন ওয়াহেদ মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি।

তারা বলেন, গত রোববার দুপুরের পর সরেজমিনে প্রতিবেদন তৈরি করতে সেখানে গিয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর। সেসময় তার সঙ্গে স্থানীয় সাংবাদিকেরা ছিলেন।

তারা সাংবাদিক রাজীব নূরসহ বাকি সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি দ্রুত বিচার আইনের মামলায় রূপান্তরের দাবি জানান। 

রাজীব নূর রামনাথ বিশ্বাসের ঘরের একটি ছবি তোলেন। সে সময় ওয়াহেদ মিয়া ছবি তোলার কারণ জানতে চান। কারণ বলার পর ওয়াহেদ মিয়ার ছেলে ওয়ালিদ কয়েকজনকে নিয়ে সেখানে যান ও রাজীব নূরের মোবাইল ফোন কেড়ে নেন। এরপর আরও কয়েকজন এসে তাকেসহ সঙ্গে থাকা সাংবাদিকদের মারধর করেন।

হামলায় আহত অন্য সাংবাদিকেরা হলেন কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, স্থানীয় সাংবাদিক তৌহিদ মিয়া ও আলমগীর রেজা।

এ ঘটনায় একটি পত্রিকার একজন সাংবাদিক বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরে গত সোমবার বিকালে হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁনপাড়া থেকে মো. ওয়ালিদকে গ্রেপ্তার করে পুলিশ।

ওয়ালিদের বাবা ও দুই ভাই এখনও গ্রেপ্তার হননি।

আরও পড়ুন:

পুরনো খবর:

রামনাথের বাড়ি দখলকারী ওয়াহেদের পদ গেল আওয়ামী লীগ থেকে
রামনাথের বাড়ির ‘দখলদার’ ওয়াহেদকে আওয়ামী লীগ থেকে ‘বহিষ্কারের উদ্যোগ’
হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা
হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বাড়িতে সাংবাদিকদের উপর ‘দখলদারদের’ হামলা
হবিগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা, সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: জেলায় জেলায় প্রতিবাদ
রাজীব নূরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায়