২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা সমর্থকদের ‘মারধর’: একমাস পর ছাত্রলীগ নেতাসহ ১২ জনের জামিন

তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় বিচারক জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী । 

নৌকা সমর্থকদের ‘মারধর’: একমাস পর ছাত্রলীগ নেতাসহ ১২ জনের জামিন

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:24 PM

Updated : 13 Jun 2023, 08:24 PM

বরিশালে নৌকা সমর্থকদের ওপর হামলা ও মারধরের মামলায় কারাগারে থাকা মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ ১২ জনকে জামিন দিয়েছে আদালত। 

মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুজ্জামান রাজা তাদের জামিন মঞ্জুর করেছেন বলে আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকার সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ১২ জনকে জামিন দিয়েছেন। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ দিন কারাভোগের পর মঙ্গলবার সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। 

গত ১৪ মে সন্ধ্যায় নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধর করা হয়। এতে আহত হয়ে তিনজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ১০ জন ও র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় হামলায় আহত মনা আহম্মেদ বাদী হয়ে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়। 

মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে জনতার পথরোধ করে খুনের উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম করাসহ হত্যার হুমকি ও সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। 

যারা জামিন পেয়েছেন তারা হলেন- মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না, মান্নার ছোট ভাই রিসাদ আহম্মেদ নাদিম (২৫), আর আর এফ পুলিশ লাইনস এলাকার বাসিন্দা পারভেজ হাওলাদার (৩২), নগরীর ১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা শান্ত ইসলাম (২৪), ১ নম্বর ওয়ার্ড কাউনিয়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান সম্পদ (৩০), একই এলাকার মিজানুর রহমান শাওন (২৫), ইমরান হোসেন সজিব (৩০), আল আমিন হাওলাদার (২৮), রাসেদ হাওলাদার (২৫), ফাহিম (২২), সুমন হাওলাদার (২৯) ও নান্টু সন্যামত (৫৩)। 

ছাত্রলীগ নেতা মান্না বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার সময় মান্না ঘটনাস্থলে ছিলেন না বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছে। 

মান্না নগরীর ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। কারাগারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া না মেনে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার প্রার্থিতা বাতিল করেছিলেন রির্টানিং কর্মকর্তা। আপিল কর্তৃপক্ষও তার প্রার্থিতা ফিরিয়ে দেয়নি। 

পরে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন তিনি। ওই সময় তিনি জামিনও পান। তাকে ঘুড়ি প্রতীক বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পুনরায় প্রার্থিতা ও জামিন বাতিল করে।

আরও পড়ুন

পুরনো খবর:

‘নৌকা সমর্থকদের মারধরে’ গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ ১৩ জন কারাগারে
‘নৌকা সমর্থকদের মারধরে’ গ্রেপ্তার ছাত্রলীগনেতা ছিলেন না, দাবি সাদিকপন্থিদের
‘নৌকার কর্মীদের ওপর হামলা’: বরিশালে ছাত্রলীগের নেতাসহ আটক ১০
বরিশালে নৌকার সমর্থকের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ