বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রোববার রাতে মামলাটি করেন এসআই মো. ইসমাইল। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।
মামলার এজাহারে বলা হয়েছে, ৮ নভেম্বর বিকাল ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করেও তখন কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
