৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পুলিশের গাড়ির সামনে যুবলীগের মিছিল: সিরাজগঞ্জে ৪ পুলিশকে প্রত্যাহার

বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 01:35 PM

Updated : 30 Oct 2026, 01:35 PM

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মহাসড়কে পুলিশের পিকআপের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের জের ধরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এক এএসআইসহ যমুনা সেতু পশ্চিম থানার এই সদস্যদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়ি চালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিল যাওয়ার সময় মহাসড়কের পাশের লেন দিয়ে বিপরীত দিকে পুলিশের একটি পিকআপ যাচ্ছে। পরে মিছিলকারীরা উত্তেজিত হয়ে এগিয়ে গিয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামার হমকি দেয়।

তখন কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ সদস্যদের নিরবে স্থান ত্যাগ করতে দেখা যায় ভিডিওতে।

পুলিশ সুপার সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

“তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।”

এদিকে মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) চক কোবদাসপাড়া এলাকার যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।