১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শ্রমিক সেজে সড়ক অবরোধের অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক: পুলিশ

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:52 PM

Updated : 14 Nov 2026, 10:52 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শ্রমিক সেজে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক পোশাকশ্রমিক পরিচয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরানোর চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে বেলা ১১টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ২০ জনকে আটক করা হয়।

ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে পড়েন। তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে দাবি করেন তিনি।

ওসি বলেন, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

পুরনো খবর:

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ