এসএসসি: রাজশাহী বোর্ডে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মেয়েরা
বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একটি; শত ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৮।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মেয়েরা। পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার দিক থেকে বরাবরের মত এবারও গিয়ে তারাই।
রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ গত বারের চেয়ে পাসের হার বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।
পাসের হার সামান্য বাড়লেও প্রায় অর্ধেকে নেমেছে এসেছে জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা।
এ বছর রাজশাহী বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ৪২ হাজার ৫১৭ জন।
ফলাফল ঘোষণার পর শুক্রবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এবারও ভালো ফলাফল করেছে মেয়েরা। এবার ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। যেখানে ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ০৮ শতাংশ। জিপিএ ৫ পাওয়া ২৬ হাজার ৮৭৭ শিক্ষার্থী মধ্যে ১৪ হাজার ৭১৩ জন ছাত্রী ও ১২ হাজার ১৬৪ জন ছাত্র।
আরিফুল ইসলাম আরও জানান, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ বছর ২ লাখ ৬ হাজার ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। এ বছর শূন্য পাসের স্কুলের সংখ্যা মাত্র একটি। আর শত ভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা ১৭৮।
আরও পড়ুন:
