২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: ময়মনসিংহ বোর্ডে পাসের হার-জিপিএ ৫ এ মেয়েরা এগিয়ে

প্রকাশিত ফলাফল থেকে দেখা গেছে, ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 04:18 PM

Updated : 28 Jul 2023, 04:18 PM

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কম হলেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। 

শিক্ষা বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, বোর্ডের অধীনে এ বছর এক হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ২২ হাজার ৮৭২ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ পাঁচ হাজার ৪৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ।

জিপিএ ৫ পেয়েছে মোট ১৩ হাজার ১৭৭ জন। 

এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ১৫ হাজার ২১৬ জন।   

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ছিল ৬২ হাজার ৩৩২ জন; মেয়ে ৬০ হাজার ৫৪০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ ছেলের সংখ্যা ৫২ হাজার ৫৮৯ ও মেয়ে উত্তীর্ণ হয়েছে ৫২ হাজার ৪৫৮ জন। 

ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ছেলেরা সংখ্যায় বেশি হলেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। 

সংখ্যা অনুযায়ী ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ এবং মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ। 

এ বোর্ডে এবার পাসের হারের মত জিপিএ ৫ এর দিক দিয়েও এগিয়ে রয়েছে মেয়েরা। 

৭ হাজার ১৫৩ জন মেয়ে এবং ৬ হাজার ২৪ জন ছেলে পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। 

ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৩ হাজার ১৭৭ জিপিএ ৫ এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৪৬৬ জন, মানবিক বিভাগ থেকে ৫৯৬ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১১৫ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। 

শিক্ষা বোর্ডটির অধীনে চার জেলার মধ্যে জামালপুর জেলায় পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৮৬ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৩ দশমিক ০৮ শতাংশ। 

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, “এবার আমাদের প্রতিষ্ঠান থেকে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৪ জন জিপিএ ৫ পেয়েছে। ৬ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে একজনের মা খুব অসুস্থ ছিল বলে সে খারাপ করেছে। 

“বাকিরা কী কারণে ফেল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়ায় দিন দিন ফল খারাপ হচ্ছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।” 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, “গত বছরের তুলনায় এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফল কিছুটা খারাপ হয়েছে। তবে গত বছর সব বিষয়ে পরীক্ষা হয়নি। আগামীতে ফলাফল ভালো করার জন্য প্রতিষ্ঠানের দিকে নজরদারি বাড়ানো হবে।” 

আরও পড়ুন:

পুরনো খবর:

এসএসসি: পাসের হারে বরিশাল বোর্ড এগিয়ে
এসএসসি: সিলেট বোর্ডে কমেছে পাসের হার-জিপিএ
এসএসসি: কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫
এসএসসি: যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ কমেছে
এসএসসি: দিনাজপুর বোর্ডে কমেছে পাসের হার
মাধ্যমিকে পাসের হার কমে ৮০.৩৯%