৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২০৪

এবার ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 12:04 PM

Updated : 31 Oct 2026, 12:04 PM

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ কমেছে। এ বছর পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০৪ শিক্ষার্থী।

যেখানে গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।

শনিবার সকাল ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এ ফলাফল ঘোষণা করেন।

এবার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে আছে।

বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ৯৫৫ জন, তবে পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র এবং ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রী।

ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৩৮ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।