৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এসএসসি: কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫

তবে এ বছর পাসের হার শূন্য, এ বোর্ডে এমন কোনো প্রতিষ্ঠান নেই।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 12:08 PM

Updated : 28 Jul 2023, 12:08 PM

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় কমেছে পরীক্ষার্থীর সংখ্যাও। 

এবার এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। গত বছর এ হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। গত বারের তুলনায় এবার পাসের হার কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ। 

শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। 

এদিকে, কুমিল্লা বোর্ড থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১৯ হাজার ৯৯৮। 

অতীতের মত জিপিএ ৫ এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। 

তবে গড় পাসের হারে মেয়েদের চেয়ে ছেলেরা কিছুটা ভালো করেছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান জানান, এবার জিপিএ ৫ প্রাপ্ত ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে ৪ হাজার ৭০৫ জন আর মেয়ে ৬ হাজার ৯১৮ জন। 

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা গঠিত।

বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, ওই ছয়টি জেলার ১ হাজার ৭৭৬টি প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ১০০ এবং ছাত্রী এক লাখ ৫ হাজার ৫৩৫ জন। 

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২১৬ শিক্ষার্থী। এর মধ্যে ৬০ হাজার ৭৪৭ ছাত্র ও ৮২ হাজার ৪৬৯ ছাত্রী। 

পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান আরও জানান, এবার পাসের হারে মেয়েদের চেয়ে ছেলেরা সামান্য এগিয়ে আছে। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ১৪ শতাংশ। এবার ৬ জেলার ৭৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ২১১টি। তবে এ বছর পাসের হার শূন্য, এ বোর্ডে এমন কোনো প্রতিষ্ঠান নেই।