ঝালকাঠিতে ১৪ মৃত্যু: ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা
পুলিশ জানায়, সড়ক পরিবহন আইনে প্রাইভেট কারের যাত্রী নিহত হাসিবুর রহমানের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলাটি করেছেন।
ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় প্রাইভেট কার ও ইজিবাইকের ১৪ যাত্রী নিহতের ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, চালকসহ প্রাইভেট কারের নিহত ছয় যাত্রীর একজন হাসিবুর রহমানের ছোট ভাই রাজাপুর উপজেলার সাউদপুর গ্রামের হাদিউর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সদর থানায় এ মামলাটি করেন।
ওসি বলেন, “সড়ক পরিবহন আইনে দ্রুতগতিতে গাড়ি চালনো, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং আহত ও প্রাণনাশের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।”
আসামিরা হলেন- ট্রাকটির চালক ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের মো. আল আমিন হাওলাদার (৩২) এবং তার সহকারী খুলনা সদরের বাসিন্দা নাজমুল শেখ (২২)।
বুধবার দুপুর দেড়টার দিকে ঝালকাঠি সদরের গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে এসে তিনটি ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে চাপা দিলে একই পরিবারের ছয়জনসহ ১৪ জন নিহত হন।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকটির চালক আল আমিন ও তার সহকারী নাজমুলকে আটক করা হয়।
বৃহস্পতিবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, “আল আমিন নিয়মিত চালক ছিলেন না; তিনি বদলি চালক হিসেবে গাড়ি চালাচ্ছিলেন। তার ড্রাইভিং লাইসেন্সও হাল্কা যানের। তিনি ট্রাকে খুলনা থেকে সিমেন্টের বস্তা নিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন।”
আরও পড়ুন:
