০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রেলে নাশকতা: আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর

নিহত ব্যক্তির দাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহত প্রত্যেকের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের ডিসি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:34 PM

Updated : 14 Dec 2023, 12:04 AM

গাজীপুরে রেললাইন কেটে ট্রেনে নাশকতার ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম বুধবার রাতে বলেন, “আহতদের মধ্যে ট্রেনের চালক (লোকো মাস্টার) এমদাদুল হক (৫৫), সহকারী চালক সবুজ (৩২) ও নারী যাত্রী রূপালী সাহার (৪০) অবস্থা গুরুতর।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক।

গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর পরই ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৪ ঘণ্টা পর সেই রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এ ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, দুর্বৃত্তরা অক্সি-অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে রেললাইন কেটেছে।

আহতদের মধ্যে ১২ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় জানিয়ে আরএমও রফিকুল ইসলাম বলেন, তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুই নারীসহ তিনজনকে এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রফিকুল মোল্লা (২০), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জামিলা (৩৫) ও কুমিল্লার সুরভী (১৮)।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বলে জানান চিকিৎসক।

এদিকে নিহত ব্যক্তির দাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহত প্রত্যেকের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

আরও পড়ুন:

পুরানো খবর:

রেলে নাশকতা: নির্দোষ আসলামকে কেন মরতে হল, প্রশ্ন স্ত্রীর
রেললাইন কাটা হয় অক্সি-অ্যাসিটিলিন দিয়ে: ডিআইজি নুরুল
গাজীপুরে রেলে নাশকতা: ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচলের উপযোগী
‘দেখি ট্রেনের বগি কাত, কোনো রকমে জীবনটা নিয়ে বের হই’
গাজীপুরে রেললাইন কেটে ফেলায় বগি লাইনচ্যুত, এক জন নিহত
গাজীপুরে দুর্ঘটনা: বিকল্প পথে চলছে ট্রেন, ৩টির যাত্রা বাতিল
গাজীপুরে ছয়শ ফুট রেলপথ ক্ষতিগ্রস্ত, বসছে নতুন পাত