২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ছয়শ ফুট রেলপথ ক্ষতিগ্রস্ত, বসছে নতুন পাত

ঘটনার পর থেকে ময়মনসিংহগামী ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 05:32 PM

Updated : 13 Dec 2023, 06:13 PM

গাজীপুরের ভাওয়ালে কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত রেলপথ পুনরায় চালু করতে তিনশ ফুট পথে নতুন পাত বসানো হচ্ছে। এ ঘটনায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে একশ স্লিপার। 

বুধবার দুপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ লাইনচ্যুত সাতটি বগি উদ্ধারে কাজ পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান ঢাকা রেল বিভাগের সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

রেলওয়ের দুই শতাধিক উদ্ধারকর্মী লাইন মেরামতে কাজ করছেন বলে জানান তিনি।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় শুধু রেল লাইনের বগি ও ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি; পাশাপাশি ৬০০ ফুট রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একশ স্লিপার ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নতুন করে পাত বসানো হচ্ছে তিনশ ফুট রেললাইনে।

ক্ষতিগ্রস্ত রেললাইনের ৮০ শতাংশ মেরামতকাজ সম্পন্ন হয়েছে; সন্ধ্যার মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে বলে জানান তিনি।

এর আগে ভোররাতে ভাওয়াল স্টেশনের অদূরে বনখড়িয়া এলাকায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী জানান।

ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকলেও ময়মনসিংহগামী ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে চলাচল করছে বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা।

তবে প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। 

সহকারী প্রকৌশলী আনোয়ার জানান, দুর্ঘটনার পরপর ঢাকা থেকে সকাল পৌনে ৯টায় এবং ময়মনসিংহ থেকে আরেকটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এর আধাঘণ্টা পর দুটি রিলিফ ট্রেন একসঙ্গে দুপাশ থেকে শুরু করে উদ্ধার কার্যক্রম।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় বগি লাইনচ্যুত, এক জন নিহত

পুরানো খবর:

গাজীপুরে দুর্ঘটনা: বিকল্প পথে চলছে ট্রেন, ৩টির যাত্রা বাতিল