১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনা: বিকল্প পথে চলছে ট্রেন, ৩টির যাত্রা বাতিল

রেল কর্মকর্তা মোশারেফ হোসেন ভুইয়া বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ হয়ে চলছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:29 AM

Updated : 13 Dec 2023, 02:06 PM

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ঢাকা-ময়মনসিংহ পথ বন্ধ থাকলেও বিকল্প পথে চলছে ট্রেন।  

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় চলা তিনটি ট্রেনের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে এই দুর্ঘটনার পর।

বুধবার সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভুইয়া।

ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোররাত ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন যাত্রী নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বেলা সোয়া ১টা পর্যন্ত রেলপথ মেরামত ও ট্রেনটি উদ্ধারের কাজ চলছিল।

রেল কর্মকর্তা মোশারেফ হোসেন ভুইয়া বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ হয়ে চলছে।

“ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেসের সূচি এক ঘণ্টা পিছিয়ে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ পথে চালানো হচ্ছে। ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে এসে পৌঁছে থেমে থাকে। পরে ট্রেনটি ঘুরিয়ে ময়মনসিংহ স্টেশনে নেয়া হয়। সেখান থেকে ট্রেনটি ভৈরব-কিশোরগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাবে।”

তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনের যাত্রা কর্তৃপক্ষের আবেদনে বাতিল করা হয়েছে।