১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পেট্রোল বোমায় ২ নারী আহতের খবর

তিন হামলাকারী মুখ বাধা অবস্থায় মোটরসাইকেলে করে এসেছিল বলে ভাষ্য অটো চালকের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 02:48 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

চট্টগ্রামে পেট্রোল বোমায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর দগ্ধ হওয়ার খবর এসেছে।

রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লায়লা বেগম (৫০) ও ঝরনা বেগম (৩০)। তারা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে দগ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের যারা এনেছেন, তারা বলছেন- ওই নারীদের বহনকারী অটোরিকশা লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ ছোড়া হয়েছিল।

অটোরিকশা চালক মো. জামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহ হুজুরের মাজারে যাচ্ছিলেন যাত্রী নিয়ে। তার গাড়িতে তিনজন নারী, দুজন পুরুষ ও এক শিশু ছিলেন।

জামির ভাষ্য, আতুরার ডিপো পেট্রোল পাম্প পার হবার সময় তার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়।

বোমাটি পেছনের আসনে গিয়ে পড়ে।

হামলাকারীরা তিনজন ছিলেন এবং তারা মুখ বাধা অবস্থায় মোটরসাইকেলে করে এসেছিল বলে দাবি চালক জামিরের।

এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।