Published : 13 Dec 2023, 08:46 PM
গাজীপুরে রেললাইন কেটে নাশকতার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বুধবার সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে বগি লাইনচ্যুত হয়েছিল। প্রায় ১৪ ঘণ্টা শেষে জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে।
“শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি, ইঞ্জিন-বগির পাশাপাশি ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হয়েছে। এই কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
রেলওয়ের ব্যবস্থাপক আরও বলেন, “মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে। এখন লাইনচ্যুত বগিগুলো নিরাপদ দূরত্বে রেলওয়ে সড়কের পাশে সরিয়ে রাখা হবে আর লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে।”
ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোর ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন যাত্রী নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনার পর পরই ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।