সুবর্ণচরে ধর্ষণ: আরেকজনের স্বীকারোক্তি
নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় আরও একজন স্বীকারোক্তি দিয়েছেন আরেকজন।
সোমবার জেলার ২ নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহ গ্রেপ্তার মুরাদ মিয়ার জবানবন্দি রেকর্ড করেন।
এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে আট জন অপরাধ স্বীকার করে আদালতে জবাদনবন্দি দিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের বলেন, চাঞ্চল্যকর এই মামলায় পুলিশের তদন্তে মুরাদ মিয়ার নাম উঠে আসলে গত ৬ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবেদর জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।
“রিমান্ডের চতুর্থ দিন সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবাদনবন্দি দিতে রাজি হলে তাকে আদালাতে হাজির করা হয়। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনিতা গুহ তার জবানবন্দি রেকর্ড করেন।”
গোয়েন্দা পুলিশ এই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি হাসান আলী বুলু ও রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফা আরও সাত দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানান ওসি খায়ের।
তিনি জানান, সোমবার এ বিষয়ে শুনানি শেষে বিচারক বুলুকে গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে এবং রুহুল আমিনকে জেল গেইটে জিজ্ঞাসাবেদর অনুমোতি দেয়।
এর আগে বুলু ও রুহুল আমিকে প্রথম ধাপে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশ।
গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ ওই নারীকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, ভোটের সময় নৌকার সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের ‘সাঙ্গপাঙ্গরা’ বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে।
চাঞ্চল্যকর এই মামলায় রুহুল আমিনসহ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
