নাসিরনগরে আরও ৬ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন হিসেবে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের পরিচয় জানাননি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হামলা ও ভাংচুরের দুই মামলায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।”
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
পরদিন স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, ৩০ অক্টোবরের হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।
ওই হামলার পাঁচ দিনের মাথায় ৪ নভেম্বর একই এলাকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই ১৩ নভেম্বর ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে আগুন দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস এরপর অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। দুই দফা আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
