নাসিরনগরে ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ২১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাংচুরের ঘটনায় আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নাসিরনগর থানার ওসি আবু জাফর।
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
ওসি আবু জাফর বলেন, “ভাংচুরের দুই মামলায় সন্দেহভাজন হিসেবে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
দুই মামলায় এ পর্যন্ত মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
যার নামে ফেইসবুকে কথিত ‘অবমাননার’ পোস্ট এসেছিল, সেই মৎস্যজীবী রসরাজ দাসকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রশাসনের দায়িত্বহীনতার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা মৎস্যজীবী রসরাজের পক্ষে ছবি সম্পাদনা করে ফেইসবুকে পোস্ট দেওয়া সম্ভব কিনা - সে প্রশ্নও উঠেছে।
হামলায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে শুক্রবার দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে ওই তিনজনই মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সমর্থক বলে পরিচিত। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অপসারণের পাশাপাশি এই মন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির এক নেতা।
এ প্রেক্ষাপটে রোববার দুপুরে স্থানীয় ডাকবাংলোয় সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রী। তিনি এ ঘটনায় কোনোভাবে সম্পৃক্ত নন বলে দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাসিরনগরে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
এ প্রেক্ষাপটে রোববার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রী ছায়েদুল হক। তিনি এ ঘটনায় কোনোভাবে সম্পৃক্ত নন বলে দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাসিরনগরে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
