সপ্তাহ গড়িয়ে সরব মন্ত্রী ছায়েদুলের অনুসারীরা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাংচুরের পর দেশজুড়ে সমালোচনার মুখে থাকা স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের অনুসারীরা এক সপ্তাহ নিশ্চুপ থেকে সরব হয়েছেন।
রোববার ঘটা করে মন্ত্রীর সংবাদ সম্মেলনের আগে মানববন্ধন করে হামলাকারীদের শাস্তি চাওয়ার পাশাপাশি তারা বলেছেন, ছায়েদুল হকের বিরুদ্ধে অপপ্রচার চলছে।
মন্ত্রীর অনুসারী হিসাবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণজ্যোতি ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর আমাদের মধ্যে হতভম্ব অবস্থা ছিল। মন্ত্রী মহোদয়ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দু’দিন পর থেকেই নাসিরনগরেই অবস্থান করছেন।
“কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে যে অপরাজনীতিটা হচ্ছিল, সেই অপরাজনীতিটার প্রভাব যাতে তদন্ত কাজে না পড়ে, সেজন্য আমাদের সরব হওয়ার সময় এসেছে।”
এক হিন্দু যুবকের ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাটের পর এলাকায় না আসায় সমালোচনার মুখে পড়েন ছায়েদুল হক।
এরপর এলাকায় গিয়ে গত বৃহস্পতিবার তিনি ঘটনাটি অতিরঞ্জিত বলার পর নতুন করে সমালোচিত হন। তার পদত্যাগের দাবি তোলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পাল।
আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী ছায়েদুল হক বলেন, তিনি হিন্দুদের নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।
ক্ষমতাসীন দলের এই নেতার দাবি, তার শত্রুপক্ষের লোকজন ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট’ অভিযোগ ছড়াচ্ছে।
এই ‘শত্রুদের’ নাম বলেননি ছায়েদুল হক। তিনি বলেছেন, বিএনপির কিছু লোক আওয়ামী লীগে ‘ভিড়তে চাইছে’, যাতে বাধা দেওয়ায় তাকে ‘ষড়যন্ত্রের শিকার’ হতে হচ্ছে।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে ছায়েদুল হককে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটির কোন্দল এই হামলায় প্রভাব ফেলেছে বলে অভিযোগ হিন্দু সম্প্রদায়ের অনেকের।
মন্ত্রীর সমর্থকরা রোববার নাসিরনগর পূজা উদযাপন পরিষদের ব্যানারে একটি মানববন্ধন এবং নাসিরনগর উপজেলার ‘হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি সংবাদ সম্মেলন করা হয়।
নাসিরনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অঞ্জন কুমার দেবের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতারাই মূলত উপস্থিত ছিলেন।
মানববন্ধনে হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হলেও সংবাদ সম্মেলনে মন্ত্রীর ছায়েদুল হকের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে কটূক্তি করার অভিযাগ তুলে তাকে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
অঞ্জন দেব বলেন, “১৯৬৮ সাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এমন কোনো লোক বলতে পারবে না যে, তিনি (মন্ত্রী) আমাদেরকে এমন কোনো ভাষায় অপবাদ দিয়েছেন। কিছু কুচক্রি মহল ও দুষ্কৃতকারী লোক তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।”
কুচক্রি মহল কারা- এ প্রশ্নে তিনি বলেন, “কোনো প্রমাণ ছাড়া নাসিরনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব থেকে শুনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের মাধ্যমে এই অভিযোগ ছড়িয়েছে।”
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজলজ্যোতি দত্ত, সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক শ্রীবাস দাস উপস্থিত ছিলেন।
প্রথম ঘটনার পাঁচ দিন পর শুক্রবার আবার কয়েকটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ এবং তার পরদিন অঞ্জন দেবের বাড়িতে হামলা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে সার্বজনীন গৌরমন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটা মিটিংয়ে ছিলাম। ওই সময় খবর পাই উপজেলা ভাইস-চেয়ারম্যানের (অঞ্জন দেব) বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
“একদিকে হামলা হবে, অন্যদিকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করতে থাকব, এটা হতে পারে না।”
সাম্প্রদায়িক এসব হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান তিনি।
প্রশাসনের লোকজনের উপস্থিতিতেই হামলা হওয়ায় আতঙ্কের কথা জানান হিন্দু সম্প্রদায়ের এই নেতা।
“ধারাবাহিক হামলার পর আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের এত উপস্থিতি তারপরও এগুলো হচ্ছে কেন? হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে কি না, সেটা আমরা স্পষ্ট করে জানি না। যদি থাকে, তবে খুঁজে বের করা হোক।”
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার বলেন, “ভাংচুর হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
“এখন পুলিশের উপস্থিতির মধ্যেই ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলা হচ্ছে। পুলিশ প্রশাসন দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে কিনা আমরা বুঝছি না।”
হিন্দুদের উপর হামলা প্রতিরোধে মুসলিমদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহেন্দ্র চন্দ্র দাস।
তিনি বলেন, “এদেশ তো আমাদের সবার। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি এদেশের স্বাধীনতার জন্য। এখন আমাদের এই পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের সহযোগিতা চাই। একা একা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না।”
ফেইসবুকে উত্তেজনা ছড়ানোর অভিযোগে আটক রসরাজ দাসের বিচার দাবি করেন ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক চন্দ্র দাস।
“নিরক্ষর রসরাজ ফেইসবুকে আপত্তিজনক পোস্ট দিয়েছে, তাকে কেন্দ্র করে একশ বাড়ি, ১৬টি মন্দিরে হামলা হয়েছে। মেয়ে-ছেলেদের ওপর আক্রমণ হয়েছে। পুরো এলাকায় অশান্তি বিরাজ করছে। রসরাজের বিচারের দাবি জানাচ্ছি এবং পরবর্তীতে যারা হামলা চালিয়েছে তাদেরও বিচার চাচ্ছি।”
সন্ধ্যার পর দোকানপাট বন্ধ
র্যাব-পুলিশ ও বিজিবির উপস্থিতির মধ্যেও অগ্নিসংযোগের কারণে এক সপ্তাহ পরও চাপা আতঙ্ক রয়েছে নাসিরনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে।
সন্ধ্যার সঙ্গে সঙ্গে সব দোকান-পাট বন্ধ হয়ে যেতে থাকে। তবে এলাকাবাসী জানায়, আগে রাত ১১টায়ও দোকানপাট খোলা থাকত।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাত ৯টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এক দোকানি।
শিলপাড়া ঠাকুরবাড়ির বিশ্বদেব চক্রবর্তী কেসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আতঙ্ক তো থাকবেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই তো গতকাল (শনিবার) সন্ধ্যায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।”
দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিই দেখা যায়।
