২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসনের অবসরের সিদ্ধান্ত নিতে যেভাবে সাহায্য করেন কোহলি

ভিরাট কোহলির সঙ্গে কথোপকথনের পরই সিদ্ধান্ত নিতে সহজ হয়েছিল, বললেন নিউ জিল্যান্ডের ব্যাটিং গ্রেট।

উইলিয়ামসনের অবসরের সিদ্ধান্ত নিতে যেভাবে সাহায্য করেন কোহলি

ভিরাট কোহলি (বাঁয়ে) ও কেন উইলিয়ামসন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:49 PM

Updated : 22 Nov 2026, 08:49 PM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে ভিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলেন কেন উইলিয়ামসন। সেই আলোচনাকে ‘আয়নায় নিজেকে দেখার মতো’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক। তার মতে, ভারতীয় ব্যাটিং গ্রেটের সঙ্গে আলোচনা ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিতে তাকে অনেক সাহায্য করেছে।

গত জুনে হুট করে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৯ হাজার ৫১৫ রান এবং সবচেয়ে বেশি ৩৩টি সেঞ্চুরি করে বিদায় নেন তিনি।

উইলিয়ামসনের প্রায় এক বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন কোহলি। ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নেন তিনি। এখন কেবল ভারতের হয়ে ওয়ানডে খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

‘দা আইসিসি রিভিউ’ এর সবশেষ পর্বে ইংলিশ সাবেক অধিনায়ক নাসের হুসেইনের সঙ্গে আলাপকালে উইলিয়ামসন বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরামর্শের জন্য কোহলির সঙ্গে কথা বলাকেই বেশি উপযুক্ত মনে হয়েছিল তার কাছে।

“ভিরাটের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। বছরের পর বছর ধরে আমরা অনেকবার কথা বলেছি এবং দীর্ঘদিন একে অপরের বিপক্ষেও খেলেছি।

“আমাদের সম্পর্কের জায়গা থেকেই মনে হয়েছে, এমন একজনের সঙ্গে কথা বলা উচিত, যিনি খুব বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এবং আমি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তা পুরোপুরি বুঝতে পারবেন।”

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবার একে অপরের মুখোমুখি হন কোহলি ও উইলিয়ামসন। পরে নিজ নিজ দেশের অধিনায়কত্বও করেছেন তারা। সময়ের সঙ্গে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। স্টিভেন স্মিথ ও জো রুটকে সঙ্গে নিয়ে আধুনিক ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ হিসেবেও পরিচিতি পান এই চার ব্যাটসম্যান।

উইলিয়ামসন বলেন, কোহলির সঙ্গে সেই কথোপকথনের পর নিজের সিদ্ধান্ত নিয়ে আর কোনো সংশয় ছিল না তার। বুঝতে পেরেছিলেন যে, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সময় হয়েছে।

“আমাদের একসাথে পথচলাটা বেশ অনন্য। অনূর্ধ্ব-১৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেট, এরপর পরিবার শুরু করা এবং নিজ নিজ দেশের নেতৃত্ব দেওয়া- এই পুরো যাত্রায় আমরা বেশ ঘনিষ্ঠ ছিলাম। বহুবার একে অপরের বিপক্ষে খেলেছি। কিন্তু সেদিন মনে হচ্ছিল, যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছি। নিজেদের ভাবনা ভাগাভাগি করেছি, একে অপরের অবস্থান পুরোপুরি বুঝতে পেরেছি। ফোনে কথা শেষ করার পরই বুঝতে পারি, এবার থামার সময় হয়েছে।”