প্রত্যাবাসনেই রোহিঙ্গা সমস্যার সমাধান: জাতিসংঘের বিশেষ দূতকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক বিচার আদালতে আগামী ১৯ নভেম্বর মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকারও আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশের অর্থনীতির জন্য প্রায় ১৫ লাখ রোহিঙ্গা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে বুধবার মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র্যাপোর্টিয়ার) কেলি ই. কারি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে সালাহউদ্দিন আহমদ এ সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।”
আন্তর্জাতিক বিচার আদালতে আগামী ১৯ নভেম্বর মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি।
এ সময় কেলি ই. কারি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হওয়া মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বলেন, “জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”
মন্ত্রণালয় বলছে, বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্রপাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেওয়া হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ দূতের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।
এদিকে সচিবালয়ে একইদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন রোহিঙ্গার প্রতিনিধি দল। ব্রিটিশ এমপি ইমরান হুসাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড আলতাফ হুসাইন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, তাদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
