২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি কাদের সিদ্দিকীর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 02:19 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

এর পাশাপাশি একটি বেসরকারি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি।

রোববার নাসিরনগরের গৌরমন্দির প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, “বিচার বিভাগীয় তদন্ত তো করতেই হবে। পাশাপাশি একটি বেসরকারি তদন্ত কমিটিও করতে হবে। এতে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতো লোকদের রাখা উচিৎ।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসলে আওয়ামী লীগকে এককভাবে এ ঘটনার জন্য দায়ী করা যাবে না। যদিও বিএনপির মেজর হাফিজ সাহেব বলেই দিয়েছেন যে, স্থানীয় আওয়ামী লীগ জড়িত; কেননা তারা তাদের তিন নেতাকে বহিষ্কার করেছে।

“আমি হাফিজ সাহেবের কথার সঙ্গে একমত নই। এ ঘটনার সঙ্গে সব দলের লোকদেরও সম্পৃক্ততা থাকতে পারে।”

কাদের সিদ্দিকী এ হামলার জন্য সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে দায়ী করেন।

হামলার পর নাসিরনগরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা কিছুই না। এতে সন্তুষ্ট হবার সুযোগ নেই।”

তিনি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে ‘নজিরবিহীন’ শাস্তিদানে সরকারের প্রতি আহ্বান জানান।

কাদের সিদ্দিকী রোববার বেলা ১১টায় নাসিরনগরে আসেন দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে। তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ।
গৌরমন্দিরে বক্তৃতা শেষে তিনি নাসিরনগর সদরে ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থান পরিদর্শনে যান।

‘ধর্মীয় অবমাননার’ কথা বলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়র নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এরপর যশোর, বরিশাল, নেত্রকোণা, ফরিদপুর, ঠাকুরগাঁও, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

নাসিরনগরের ঘটনায় স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেছেন।  প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

দুই মামলায় এ পর্যন্ত মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নাসিরনগর থানা পুলিশ জানিয়েছে।