হামলায় জড়িতদের বিচার দ্রুতবিচার আইনে: স্বাস্থ্যমন্ত্রী
যারা নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বিকালে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শনে এসে কেন্দ্রীয় ১৪ দলের এ সমন্বয়ক বলেন, হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুতবিচার আইনে বিচার করা হবে।
“যারা হামলা চালিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ধর্ম-বর্ণে তারা বিশ্বাস করে না, এরা কোনো ধর্মের মানুষ নয়। খুনি, লুটেরা ও দুস্কৃতিকারী হচ্ছে এ সমস্ত লোক।”
জনগণকে সঙ্গে নিয়ে এদের হাত ভেঙে দেওয়া হবে, বলেন নাসিম।
হামলার নয় দিন পর মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপল্লীতে হামলা চালিয়ে ১৫ মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর লুটপাট চালানো হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনারা মনে রাখবেন আমরা ক্ষমতায় আছি, ছোট্ট একটি ঘটনা আমাদের দুর্নাম করে দিতে পারে। তাই যারা অবহেলা করবেন তারা কেউই চাকরিতে থাকতে পারবেন না।”
ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। যেটুক ক্ষতি হয়েছে তার চাইতেও বেশি সহায়তা দেবে সরকার, বলেন তিনি।
সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলতেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে। শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর খুনিদের এবং যুদ্ধাপরীদের ছাড় দেয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদেরও ছাড় দেবে না।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে ঠিক তখনই নাসিরনগরে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়। তবে যারা সাম্প্রদায়িক উস্কানি দেয় এবং হামলা করে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহদৎ হোসেন, ন্যাপের যুগ্ম সাধারণ সমপাদক ইসমাইল হোসেন, বাসদের কেন্দ্রীয় আহ্বায়ক রেজাউল রশিদ খান, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মোক্তার প্রমুখ।
