নাসিরনগর হামলার প্রতিবাদে নাটিকা ‘আমি মালাউন বলছি’
নাটক মঞ্চায়নের মাধ্যমে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সংক্ষুব্ধ ও প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘আমি মালাউন বলছি’ শিরোনামের একটি নাটিকা মঞ্চায়নের মাধ্যমে এই প্রতিবাদ জানান তারা।
এর আগে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি প্রতিবাদী মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
‘আমি মালাউন বলছি’- নাটিকা শেষে শিক্ষার্থীরা মশাল জ্বালিয়ে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি যৌথভাবে পরিবেশন করে।
প্রতিবাদকারীরা বলছেন, নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ শিশু-বৃদ্ধসহ আবহমান কাল ধরে বসবাসরত মানুষের মন্দির-বাসস্থান, তুলসীতলায় পূজার ঘর ও ভাতের থালায়- সর্বোপরি মনুষ্যত্বের মর্মস্থলে বেদরদী মোনাফেকি বেঈমানি বর্বর সাম্প্রদায়িক আক্রমণ লুট ও তাণ্ডবের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রতিবাদী পারফরম্যান্স ‘আমি মালাউন বলছি’।
এই পরিবেশনার ভাবনা ও নির্দেশনায় ছিলেন থিয়েটার ও পারফরম্যান্স স্টাজিজ বিভাগের শিক্ষক শাহমান মৈশান।
শিক্ষার্থীরা জানান, ‘আমি মালাউন বলছি’ মূলত পারফরম্যান্স নির্মাণের একটি মহড়া। যে মহড়া সুনির্দিষ্ট লক্ষ্যে বিপ্লবের মহড়ার দিকে ইঙ্গিত করতে চায় । এই পারফরম্যান্স পূর্বনির্দিষ্ট কোনো পারফরম্যান্স নয়।
নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের হামলা ও তাদের সম্পত্তি লুটের ঘটনা, রাষ্ট্র ও সমাজের যে অন্তর্গত অনৈতিক ত্রুটিপূর্ণ ও দুর্বল বিন্যাসকে সামনে নিয়ে আসে এবং আমাদেরকে যুগপৎ দীর্ঘ ও আশু কর্তব্যের মখোমুখি করে, এর সমান্তরালে এই পারফরম্যান্স।
এই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হায়দার মোহাম্মদ জিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমি মালাউন’ কথাটি দ্বারা শুধু হিন্দু গোষ্ঠীকে আমরা পৃথক ভাবে বোঝাতে চাইনি।
“আমরা বাংলাদেশে অবস্থিত সকল নিপীড়িত, নিগৃহীত, অত্যাচারিত মানুষদের কথা বোঝাতে চেয়েছি। তারা যাতে আর অত্যাচারের শিকার না হয় সেদিকে সকলকে সচেতন করার জন্য আমাদের এই পারফরম্যান্স। কারণ হিন্দু, মুসলিম, নিপীড়িত, নিগৃহীত সবাই মিলে যখন মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি তাহলে এখন হিন্দুদের মালাউন বলে গালি দিয়ে কেন পৃথক করে দিচ্ছি।”
নাসিরনগর হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে জিতু বলেন, “আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলায় চাই সবাই মিলেমিশে থাকতে, কোনো দ্বন্দ্ব সংঘাত নয়।”
