২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে হামলা: গ্রেপ্তার আরও ৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 12:48 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

ওসি আবু জাফর বলেন, “ভাংচুরের দুই মামলায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

দুই মামলায় এ পর্যন্ত মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্যদের গ্রেপ্তারে এখনও অভিযান চলছে।

ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে তিনি জানান।

যার নামে ফেইসবুকে কথিত ‘অবমাননার’ পোস্ট এসেছিল, সেই মৎস্যজীবী রসরাজ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করে সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে হামলা চালানো হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় বিরোধের জের ধরে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থকরা হামলার নেপথ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সেই সঙ্গে প্রশাসনের দায়িত্বহীনতা ছিল বলেও অভিযোগ রয়েছে।

হামলায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক ও নাসিরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

প্রত্যাহার করা হয়েছে নাসিরনগর থানার ওসি আবদুল কাদির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে।

পুরনো খবর:

নাসিরনগরে হামলার পেছনে মোকতাদির সমর্থকরা
সম্প্রীতি ধ্বংসের জন্য নাসিরনগরে হামলা: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
নাসিরনগরে ক্ষতিগ্রস্তরা পেলেন টিন, আর্থিক সাহায্য
নাসিরনগরে ৮ জন রিমান্ডে
নাসিরনগরে আরও ৯ জন গ্রেপ্তার
হামলায় জড়িতদের বিচার দ্রুতবিচার আইনে: স্বাস্থ্যমন্ত্রী