২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতি ধ্বংসের জন্য নাসিরনগরে হামলা: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সম্প্রীতি ধ্বংস করতেই নাসিরনগরে হামলা চালানো হয়েছে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 09:06 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরের ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর দুটি মামলা হয়েছে, যার প্রত্যেকটির আসামি অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জন। গঠিত হয়েছে তিনটি তদন্ত দল। প্রত্যাহার করা হয়েছে নাসিরনগর থানার ওসি আবদুল কাদেরকে।

বিচারপতি মমতাজউদ্দিন বলেন, “রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, দেশের মানুষের সম্প্রীতি ধ্বংস করতেই নাসিরনগরে হামলা চালানো হয়েছে।

“যারা এ হামলায় জড়িত তারা ঘৃণার পাত্র, তাদেরকে আমরা জাতীয়ভাবে ঘৃণা করি।”

এভাবে হামলা করে দেশের সার্বভৌমত্ব কেউ ধ্বংস করতে পারবে না বলে জানান তিনি।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সদস্য ও ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান, উৎপল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।