২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে ৮ জন রিমান্ডে

নাসিরনগরে হামলা চালিয়ে মন্দির ও হিন্দুদের বাড়িঘর ভাংচুর করার মামলায় আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 03:11 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালত আট আসামিকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে বলে আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে  আসামি দেখিয়ে দুটি মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে ৭৪ জনকে।

পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় একটি মামলা করেছেন দত্তবাড়ির কাজল জ্যোতি। অন‌্যটির বাদী বারোয়ারি মন্দিরের পুরোহিত নির্মল চৌধুরী।

“নির্মল চৌধুরীর মামলায় পুলিশ আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে চাইলে বিচারক সুলতান সোহাগ উদ্দিন তিন দিন মঞ্জুর করেন।”

আট আসামি হলেন উজ্জ্বল, মাসুম, ইয়াসিন, শহীদ, রুনাইদ, খায়রুল, সুপ্ত মিয়া ও বাবুল।

গ্রেপ্তার ৭৪ জনের মধ্যে এই আটজনকে জিজ্ঞাসাবাদের কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা এসআই সাধন কান্তি বলেন, প্রাথমিকভাবে এই আটজনকে জিজ্ঞাসাবাদ করা হলে ‘ঘটনার সঙ্গে জড়িত’ ও ‘উস্কানিদাতা’ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

যার ফেইসবুক পাতায় কথিত ‘অবমাননার’ পোস্ট এসেছিল, সেই রসরাজ দাসও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার তার পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের মেয়াদ শেষ হবে।

এদিকে হামলার এক সপ্তা অতিক্রান্ত হলেও নাসিরনগরের হিন্দুদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন আছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। অব্যাহত রয়েছে অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান।