নাসিরনগরে ক্ষতিগ্রস্তরা পেলেন টিন, আর্থিক সাহায্য
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করার ঘটনায় ক্ষতিগ্রস্তদের টাকা ও টিন দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারকে সোমবার বেলা ১১টার দিকে ১১৪ বান্ডিল টিনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার সাহায্য দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক রেদওয়ানোর রহমান।
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে গুরুতর আর্থিক ক্ষতির মুখে পড়ে বিশেষত গরিব পরিবারগুলো।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিন ও টাকা দেওয়ার সময় জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারকে ১১৪ বান্ডিল টিন ও ৩ লাখ ৪২ হাজার টাকা দেওয়া হয়েছে।
“কাশিপাড়ার বেশি ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে তিন বান্ডিল করে টিন ও নয় হাজার করে টাকা, হরিপুর ইউনিয়নের ১৬ পরিবারকে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার করে টাকা এবং নাসিরনগরের ২৩ পরিবারকে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার করে টাকা দেওয়া হয়।”
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “আপনারা ভয় পাবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে।”
হামলার এক সপ্তা অতিক্রান্ত হলেও নাসিরনগরের হিন্দুদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন আছে পুলিশ, র্যাব ও বিজিবি।
এদিকে যার ফেইসবুক পাতায় কথিত ‘অবমাননার’ পোস্ট এসেছিল, সেই রসরাজ দাস একজন মৎস্যজীবী। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় প্রশ্ন উঠেছে, তিনি কিভাবে ছবি সম্পাদনা করে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন।
রসরাজকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।
