২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে আরও ৯ জন গ্রেপ্তার

হিন্দু ধর্মবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 11:30 AM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

প্রমাণ পেলে ছায়েদুলের বিরুদ্ধে ব‌্যবস্থা: আ. লীগ
সংবাদ সম্মেলনে আসছেন মন্ত্রী ছায়েদুল হক
‘আইনি সহায়তা পাচ্ছেন না’ নাসিরনগরের সেই যুবক

নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, শনিবার মধ‌্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“হামলা-ভাংচুরের দুই মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের আদালতে পাঠানো হবে। আমাদের গ্রেপ্তার অভিযান অব‌্যাহত থাকবে।”

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

পরদিন স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

দুই মামলায় এ পর্যন্ত মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

যার নামে ফেইসবুকে কথিত সেই ‘অবমাননাকর’ পোস্ট এসেছিল, সেই মৎস‌্যজীবী রসরাজ দাসকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রশাসনের দায়িত্বহীনতার কারণে এই সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা রসরাজের পক্ষে ফেইসবুকে ছবি সম্পাদনা করে ওই ধরনের পোস্ট দেওয়া সম্ভব কিনা- সেই প্রশ্নও ইতোমধ‌্যে উঠেছে।  

হিন্দু সম্প্রদায়ের উপর এই হামলার জন‌্য ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ‌্যন্তরীণ কোন্দলকেও দায়ী করছেন অনেকে।

হামলা-ভাংচুর-অগ্নিসংযোগে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে শুক্রবার দল থেকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে ওই তিনজনই মৎস‌্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সমর্থক হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অপসারণের পাশাপাশি মন্ত্রীরও পদত‌্যাগ চেয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির এক নেতা।

এই প্রেক্ষাপটে রোববার দুপুরে স্থানীয় ডাকবাংলোতে সাংবাদিক সম্মেলনে আসছেন মন্ত্রী ছায়েদুল হক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাসিরনগরে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।