প্রমাণ পেলে ছায়েদুলের বিরুদ্ধে ব্যবস্থা: আ. লীগ
নাসিরনগরের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে প্রমাণ পেলে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন।
শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছায়েদুল সাহেব ওই এলাকা থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। এ ধরনের অযৌক্তিক, অগ্রহণযোগ্য মন্তব্য তিনি করেছেন- এটা বিশ্বাসযোগ্য নয়।
“প্রমাণ দিতে পারলে উনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর-লুটপাট করে একদল লোক।
এ ঘটনার চারদিনের মাথায় বৃহস্পতিবার মন্ত্রী এলাকায় গিয়ে ঘটনাটি অতিরঞ্জন করার অভিযোগের পাশাপাশি স্থানীয় হিন্দুদের ‘মালাউন’ বলেন বলে একটি দৈনিকে খবর প্রকাশ হয়। এ নিয়ে ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় প্রতিবাদ সভা থেকে।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার এক কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, “ঘটনা ঘটার কয়েক দিন পরে মন্ত্রী ছায়েদুল হক এলাকায় গিয়েছেন। তিনি যাওয়ার পরেও সেখানে আবার হামলা হয়েছে। এতেই বোঝা যায় তিনি এই ঘটনার সঙ্গে জড়িত।”
হিন্দু সম্প্রদায়ের উপর এই হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকেও দায়ী করছেন অনেকে।
তবে মাহবুব-উল-আলম হানিফ বলছেন, হামলায় সম্পৃক্ততার জন্য নয়, রোববার হিন্দুদের ওপর প্রথম দফা হামলার পাঁচদিনের মধ্যে ফের অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে ব্যর্থতার জন্য তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “অত্যন্ত সফলভাবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশ থেকে ৫৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্মেলনে যোগ দিয়ে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছে। বিদেশিদের এই প্রশংসায় তাদের মাথা নষ্ট হয়ে গেছে।
“বিএনপি-জামায়াত বিভিন্ন সময় চোরাগুপ্তা হামলা করে সফল হতে না পেরে এখন চক্রান্তের নতুন চাল হিসেবে নাসিরনগরে হামলা করে নতুন কৌশল হাতে নিয়েছে। তারা শেষ পন্থা হিসেবে বেছে নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা।”
নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ শনিবার বলেছেন, এই ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা।
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের এ বিষয়ে কথা বলাকে ‘জাতির জন্য দুর্ভাগ্য’ বলে মন্তব্য করেন হানিফ।
এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “এই সেই মেজর হাফিজ, যার নির্দেশে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর টানা ২৮ দিন ভোলার লালমোহন-তজুমুদ্দিন থানার হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পোড়ানো, মেয়েদের ঘর থেকে ধরে এনে ধর্ষণ করা হয়েছিল। এই হাফিজের নির্দেশে চরফ্যাশনে প্রায় ২০০ হিন্দু মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। আরও অনেক বর্ণনা আমাদের কাছে আছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী চিনু উপস্থিত ছিলেন।
