২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনি সহায়তা পাচ্ছেন না’ নাসিরনগরের সেই যুবক

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে কথিত ধর্ম অবমাননাকারী যুবক রসরাজ দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন একটি নাগরিক সংগঠনের নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 10:42 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ ৫ দিনের রিমান্ডে

শনিবার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘর-বাড়ি ঘুরে দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এ অভিযোগ করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

তিনি সাংবাদিকদের বলেন, “হরিণবেড় গ্রামের একজন আইনজীবীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তিনি রসরাজের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু দাঁড়াতে দেওয়া হয়নি। পরে তাকে রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

রসরাজের বিরুদ্ধে ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার নাসিরনগরে সমাবেশ করে কয়েকটি ধর্মীয় সংগঠন। পরে দলবেঁধে হিন্দু পল্লীতে হামলা চালিয়ে ১৫টি মন্দির ও দেড় শতাধিক ঘর-বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এর পাঁচদিনের মধ‌্যে শুক্রবার ভোররাতে ওই এলাকায় আরও কয়েকটি হিন্দু বাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করা হয়।

প্রথম দফায় হামলার আগের দিন রসরাজকে গ্রেপ্তার করে পুলিশ। তথ‌্য-প্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন‌্য বৃহস্পতিবার তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এখন রিমান্ডে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান শাহরিয়ার কবির।

এ সময় তার সঙ্গে থাকা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “রসরাজের পক্ষে একজন আইনজীবী দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তাকে দাঁড়ানোর সুযোগ দেননি। ম্যাজিস্ট্রেট যেটি করেছেন সেটি ন্যায়বিচারের পরিপন্থি কাজ।

“ম্যাজিস্ট্রেট রসরাজকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে রিমান্ড অর্ডার দিয়েছেন। এজন্য ম্যাজিস্ট্রেটের কাছেও ব্যাখ‌্যা চাওয়া উচিত।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, “তিনি বলছেন এ ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি নেই। কিন্তু তিনি এখন পর্যন্ত কেন ঘটনাস্থল পরিদর্শন করলেন না?

“মানুষ তো আশ্বাস পেতে চায়। ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিলে তো হবে না।”

তিনি বলেন, রসরাজের গ্রামের বাড়ি হরিণবেড় গ্রামের বহু মানুষ এলাকা ছাড়া। রসরাজের পরিবার কোথায় আছে কেউ জানে না।

রসরাজকে নির্দোষ দাবি করে শাহরিয়ার কবির বলেন, “২০১২ সালে রামুতে শিবিরের একটি ছেলে যেভাবে উত্তম বড়ুয়ার ফেইসবুকে ছবি ছড়িয়ে দিয়েছিল ঠিক সেরকমই একটা পুরনো ছবি ফেইসবুকে ছড়িয়ে দিয়ে এখানে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে পরিকল্পিতভাবে।

“রামুর ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে নাসিরনগরে।”

তবে রামুর ঘটনায় সরকার যেভাবে তৎপর হয়েছিল তা এখন দেখা যাচ্ছে না বলে মন্তব‌্য করেন তিনি।

প্রতিনিধি দলে অন‌্যদের মধ‌্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন ছিলেন।