২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে জেলের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

নাসিরনগরে এক হিন্দু জেলের জাল রাখার ঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 12:34 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস রোববার রাতে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু জাফর জানান।

রোববার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে ‘দুর্বৃত্তরা’ আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুনে জাল পুড়ে গেলেও ঘরের বড় কোনো ক্ষতি হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এর পাঁচ দিনের মাথায় একই এলাকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, ৩০ অক্টোবরের হামলার নেপথ‌্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।

মোকতাদিরের সমর্থকরা যে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে হিন্দুদের বাড়ি-মন্দিরে হামলায় ইন্ধন যুগিয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের কথাতেই তা স্পষ্ট হয়।

ওই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধনের মত কর্মসুচি পালন করে আসছে।   

পুরনো খবর:

নাসিরনগরে পুড়িয়ে দেওয়া হলো জেলের জাল
মন্দিরে হামলা: নাসিরনগরের ওসি প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ ৫ দিনের রিমান্ডে
নাসিরনগরে হামলাকারীরা রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের উপস্থিতিতেও হামলা কেন, নাসিরনগরে মানববন্ধনে প্রশ্ন