২৫তম মামলায় জামিনের পর আরেকটিতে আসামি মেয়র মান্নান
২৫টির মধ্যে সর্বশেষ দুদকের মামলায় হাই কোর্ট থেকে জামিনের পর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানকে।
বুধবার সকালে হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জে বি এম হাসানের বেঞ্চ এমএ মান্নানকে দুদকের মামলায় তিন মাসের জামিন দেয়।
ওই আদেশের কয়েক ঘণ্টার মধ্যে বিকালে গাজীপুর আদালতে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে কাশিমপুরে বন্দি মান্নানকে।
গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জানুয়ারি জয়দেবপুরের ভূরুলিয়া রেলগেইটের পাশে নাশকতার প্রস্তুতির সময় ১০টি হাতবোমাসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই মো. মনির হোসেন ১০ জনের নাম উল্লেখের পাশাপশি অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫জনকে আসামি করে একটি মামলা করেন।
“ওই মামলায় মান্নানকে শ্যোন অ্যারেস্ট করার জন্য বুধবার জয়দেবপুর থানার এসআই জহিরুল ইসলাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। বিকালে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।”
গাজীপুরে বাসে বোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি এম এ মান্নান ঢাকা থেকে গ্রেপ্তার হন। ওই মামলায় তার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করলে গত বছরের ১৯ অগাস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।
মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলায় ইতিমধ্যে জামিনে আছে তিনি। আর দুদকের মামলায় বুধবার হাই কোর্ট থেকে জামিন পান।
