২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মান্নানের বিরুদ্ধে এবার দুদকের মামলা

নাশকতার বিভিন্ন মামলায় কারাবন্দি গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে এবার দুর্নীতির মামলা হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 04:34 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

ভুয়া ভাউচার দিয়ে সিটি কর্পোরেশনের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলাটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল কমিশন কর্তৃপক্ষ (মামলার) অনুমোদন দিয়েছিল, আজ মামলা হল।”

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে মেয়র থাকাকালে মান্নান এবং সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে কর্পোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিল থেকে মোট ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন।

Image
বন্দি এম এ মান্নান (ফাইল ছবি)

বন্দি এম এ মান্নান (ফাইল ছবি)

বিএনপির আন্দোলনের সময় বাসে পেট্রোলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় গ্রেপ্তার করা হয় গাজীপুরের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নানকে।

ওই বছরের ১২ মে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

তার বিরুদ্ধে আনা সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের অভিযোগটি ২০১৫ সালের ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক। ছয় মাস অনুসন্ধানের পর মামলাটি হল।