২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মান্নানের বরখাস্ত স্থগিতের আদেশ বহাল

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের পক্ষে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিতের আবেদন  আপিল বিভাগের সাড়া পায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 12:12 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এই আবেদন নিয়ে আপিল বিভাগে গিয়েছিলেন প্যানেল মেয়র আসাদুর রহমান। এ বিষয়ে শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার ‘নো অর্ডার’ দেয়।

এর ফলে মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশই বহাল থাকল এবং মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা থাকলো না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী মো. আবু হানিফ।  

জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় গতবছর ১৯ অগাস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ মার্চ হাই কোর্টে রিট আবেদন করেন এম এ মান্নান, যা ১১ এপ্রিল শুনানির জন্য ওঠে।

শুনানি নিয়ে সেদিন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।

মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়।

এরপর হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা প্যানেল মেয়র আসাদুর রহমান মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যান। চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর ধারাবাহিকতায় বুধবার বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য এলে আসাদুর রহমানের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মান্নানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও মো. আবু হানিফ শুনানি করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত বছরের ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার জায়গায় গত ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।

মান্নানের আইনজীবী আবু হানিফ জানান, মোট ১৯টি মামলায় মেয়র মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, এসব মামলায় জামিন পাওয়ার পর ২ মার্চ তিনি মুক্তি পান।