বরখাস্ত মেয়র মান্নান হাসপাতালে
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এমএ মান্নানকে নাশকতার মামলায় রিমান্ডে নেওয়ার আদেশের একদিন পর কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
কারাগারের সুপার সুব্রত কুমার বনিক জানান, সকাল সাড়ে ১১টার দিকে তাকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
কাশিমপুর কারা হাসপাতালের চিকিৎসক মো. মিজানুর রহমান বলেন, মান্নান ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, কিডনি ও হৃদরোগ ছাড়াও শারীরিক দুর্বলতায় ভুগছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুটি নাশকতার মামলায় বুধবার দুইটি পৃথক আদালত এম এ মান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামমলায় পুলিশ এমএ মান্নানকে গ্রেপ্তার করে। এদিকে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায় পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহন করলে ওই বছরের ১৯ অগাস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ২ মার্চ মান্নান জামিনে মুক্তি পান। তাকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ১১ এপ্রিল ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল করলে হাইকোর্টের আদেশ বহাল রাখে।
এদিকে অপর একটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করলে ১৯ এপ্রিল ফের তাকে বরখান্ত করা হয়।
