২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 02:28 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।  

মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সচিব ও সহকারী সচিবসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।  

জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় গতবছর ১৯ অগাস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ মার্চ হাই কোর্টে রিট আবেদন করেন এম এ মান্নান, যা সোমবার শুনানির জন্য ওঠে।

আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও মো. আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

আবু হানিফ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে। ফলে মেয়র হিসেবে তার দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত বছরের ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার জায়গায় গত ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।

তার আইনজীবী আবু হানিফ জানান, মোট ১৯টি মামলায় মেয়র মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, এসব মামলায় জামিন পাওয়ার পর ২ মার্চ তিনি মুক্তি পান।

পুরনো খবর:

গাজীপুরের মান্নান জামিনে মুক্ত